https://surjobani.com/wp-content/uploads/2025/01/shopno-ad-970-x-90-px-.jpg

ক্লাব ফুটবলে আপাতত বিরতি। আগামী কদিন ফুটবল দুনিয়ার চোখ থাকবে আন্তর্জাতিক ফুটবলে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোর দিকেই নজর থাকবে বেশি। যেখানে মাঠের লড়াইয়ে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির মতো শীর্ষ দলগুলোকে।

বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর মধ্যে ব্রাজিলই বোধ হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ৫ বারের বিশ্বকাপজয়ী দলটি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ব্রাজিলের হতাশাজনক যাত্রা। এরপর একের পর এক ম্যাচে ব্যর্থতার পাশাপাশি কোচ নিয়ে জটিলতায় পড়ে দলটি। পরে দরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল।

শুরুটা ভালোই করেছিলেন এই কোচ। কিন্তু কোপা আমেরিকায় ব্যর্থতা আবারও ব্রাজিলকে চাপে ফেলে দিয়েছে। এরপর সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হেরেছে দলটি। এখন ব্রাজিলের সামনে সুযোগ পরবর্তী দুই ম্যাচ দিয়ে জয়ে ফেরার। তবে এখানেও আছে বিপত্তি। এই ম্যাচগুলোর আগে দলের সেরা তারকাদের অনেককেই পাচ্ছে না ব্রাজিল। যে তালিকায় আছেন নেইমার, ভিনিসিয়ুস, আলিসন ও মিলিতাওয়ের মতো তারকা। এখন ভঙ্গুর দল নিয়ে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিলের উল্টোরথে আর্জেন্টিনা এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। সর্বশেষ ম্যাচে অবশ্য কলম্বিয়ার বিপক্ষে ২–১ গোলে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনার জন্য সুখবর লিওনেল মেসি চোট কাটিয়ে দলে ফিরেছেন। তাঁর ফেরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

Exit mobile version